জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ পুনরায় শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নিয়েছেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
এর আগে, চলতি বছরের ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত কমিশন ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ চালায়। ওই সংলাপগুলোতে বেশ কিছু বিষয়ে সমঝোতা তৈরি হলেও কমিশনের মৌলিক কিছু প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়ে যায়।
এই প্রস্তাবগুলোতে রাজনৈতিক ঐকমত্য গঠনের উদ্দেশ্যেই গত ২ মে দ্বিতীয় ধাপের সংলাপের সূচনা করেন অধ্যাপক ড. ইউনূস। তবে কিছু টেকনিক্যাল কারণে তা মুলতবি রাখা হয়েছিল। আজ তা আবার শুরু হলো।
বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। সংলাপ ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।





