সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস বাতিল ও পূর্বের সীমানা বহালের দাবিতে ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নিলেও বেলা ১১টার দিকে আবারও অবরোধ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা মহাসড়কের দুটি স্থানে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে উভয় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রী ও পণ্যবাহী পরিবহন মারাত্মক ভোগান্তিতে পড়ে।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ৩০০ আসনের নতুন সীমানা চূড়ান্ত করে। এতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা টানা কর্মসূচি শুরু করেন।
রোববার থেকে স্থানীয় জনতা সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা বলেন, নতুন সীমানা তাদের সঙ্গে অবিচার করা হয়েছে। তাই পুরোনো সীমানা বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তবে দুপুর পর্যন্ত অবরোধের কারণে দুটি মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





