পটুয়াখালী-৪ এ চমক: জামায়াত জোটের প্রার্থী সাবেক আ.লীগ উপদেষ্টা!

Views: 19

রাজনীতিতে দল বদল নতুন নয়। তবে কখনো কখনো সেই পরিবর্তন এতটাই দ্রুত ও জটিল হয়ে ওঠে যে, প্রশ্ন ওঠে রাজনৈতিক পরিচয়ের বিশ্বাসযোগ্যতা নিয়েই। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ঠিক এমনই এক বিতর্কের কেন্দ্রে এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।

খেলাফত মজলিসের মনোনয়নে জোটের প্রার্থী হিসেবে মাঠে নামা ডা. জহির একসময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই সময়েই তাঁর নাম যুক্ত হয় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে। যদিও বর্তমানে তিনি দাবি করছেন—তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু স্থানীয় রাজনৈতিক অঙ্গনে থাকা ভিডিও, ছবি ও একাধিক সূত্র বলছে ভিন্ন কথা।

১৯ ভোটে উত্থান, রাজনীতিতে দৃশ্যমানতা

২০১৯ সালের পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াতকলম প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে মাত্র ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন ডা. জহির উদ্দিন। ওই জয়ের পরই স্থানীয় রাজনীতিতে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘প্রভাবশালী স্বতন্ত্র’ হিসেবে।

২০২৪ সালের ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। নির্বাচন চলাকালেই ৩ মে তাঁকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করার ঘোষণা আসে। এর কিছুদিন পর তিনি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

ঘোষণা, ছবি ও ভিডিও নিয়ে বিতর্ক

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের নির্দেশে ডা. জহিরকে উপদেষ্টা করার লিখিত ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর থেকেই তিনি নিয়মিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন শীর্ষ নেতা বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাঁর আওয়ামী লীগ সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগের একান্ত বৈঠকের ছবিও তখন আলোচনায় আসে। তৎকালীন প্রতিমন্ত্রী মহিবের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের।

৫ আগস্টের পর নতুন রাজনৈতিক ঠিকানা

রাজনৈতিক পরিবর্তনের পর ডা. জহির প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। কিছুদিনের মধ্যেই দলটি ছাড়িয়ে যুক্ত হন খেলাফত মজলিসে। বর্তমানে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসনে ‘দেয়ালঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জোট সূত্র জানায়, এই আসনে আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নাম আলোচনায় ছিল। দলটি জোট থেকে সরে যাওয়ার পর স্থানীয়ভাবে পরিচিত মুখ হিসেবে ডা. জহির উদ্দিনকেই চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য

সব অভিযোগ অস্বীকার করে ডা. জহির উদ্দিন আহমেদ বলেন,
“আমি কখনো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলাম না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই চেয়ারম্যান হয়েছি। এমপি কখনো দলের পদ দিতে পারে না। জেলা কমিটি বা কাউন্সিল ছাড়া কোনো পদ বৈধ নয়। আমি কখনো সম্মতি দিইনি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।”

জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন,
“জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আবদুল কাইউম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ডা. জহির উদ্দিন আহমেদই এখন পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী। আমরা তাঁকে পূর্ণ সহযোগিতা করব।”

পটুয়াখালীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, চারটি আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বৈধ প্রার্থীদের মধ্যে বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: January 20, 2026 | Author: Chandradip News24