পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা: উপদেষ্টা সাখাওয়াত

Views: 33

নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপাতত ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের কাজের পরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পটুয়াখালী পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

সাখাওয়াত হোসেন বলেন, “ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। জমি অধিগ্রহণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে, বাকি অংশও শিগগিরই শেষ হবে। তবে রেলপথ আপাতত বরিশাল পর্যন্ত হবে। আমার দায়িত্বকালেই যেন পটুয়াখালী পর্যন্ত রেললাইন অনুমোদন পায়, সে বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে বাবুগঞ্জ ও মুলাদীর আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ ফেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং অক্টোবরেই বরিশালে নদীর পানি পরিশোধন করে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হবে।

ভোলার গ্যাস সরবরাহ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয়রা এখনো সরাসরি গ্যাস সুবিধা না পেলেও বরিশালে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় ঘাটতি মেটাতে উদ্যোক্তাদের দুটি আধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নদীভাঙন রোধে হিজলা-মেহেন্দিগঞ্জ এলাকায় ৮১০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পথে রয়েছে, যা শীতকালে বাস্তবায়ন শুরু হবে।

ঐতিহ্য সংরক্ষণের প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপে নদীতে পুরোনো স্টিমার এখনো চালু আছে, কিন্তু বরিশালে তা ভেঙে ফেলা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন স্টিমার ঘাট নির্মাণের পাশাপাশি আগামী অক্টোবরের মাঝামাঝি প্যাডেল চালিত স্টিমার চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া তিনি বরিশালে বিপিএলের একটি ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। খেলোয়াড়দের বিআইডব্লিউটিসির স্টিমারে করে আনা-নেওয়া ও বিশেষ আপ্যায়নের ব্যবস্থার কথাও জানান উপদেষ্টা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 13, 2025 | Author: Chandradip News24