“নুরসহ আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: অন্তর্বর্তীকালীন সরকার”

Views: 23

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, প্রয়োজন হলে নূর ও তাঁর দলের অন্যান্য আহত সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে।

শনিবার (৩০ আগস্ট) সরকারিভাবে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নুরুল হক নূর এবং তাঁর দলের আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা শুধু নুরের ওপরই নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত। অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে আশ্বস্ত করেছে, ঘটনায় জড়িত যেকোনো ব্যক্তি অব্যাহতি পাবেন না এবং তদন্ত সম্পূর্ণ স্বচ্ছভাবে করা হবে।

নূরের সাহসী ভূমিকা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানে তিনি তরুণদের সংগঠিত করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন। তাঁর ভূমিকা স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জনগণের আকাঙ্ক্ষার প্রতীক।

বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এছাড়া দেশের গণতন্ত্র রক্ষা করতে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫


image_pdfimage_print

Posted on: August 30, 2025 | Author: Chandradip News24