দেশে দুর্নীতির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে : ক্ষোভ প্রকাশ মির্জা ফখরুলের

Views: 107

ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার মাত্রা কয়েকগুণ বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আগে ১ লাখ টাকা ঘুষ দিলেই হতো, এখন দিতে হচ্ছে ৫ লাখ টাকা।”

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন—আগে ঘুষ দিতেন এক লাখ টাকা, এখন দিতে হচ্ছে পাঁচ লাখ। বিষয়টি কীভাবে দেখবেন, জানি না। কিন্তু এটা দুঃখজনক সত্য।”

পুলিশ প্রশাসন নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “পুলিশের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। বরং এখন আরও সুযোগ নিচ্ছে তারা। মানুষ যখন সেবা নিতে যায়, তখন একবার বলে মন্ত্রণালয়ে যাও, আরেকবার কোর্টে যাও। তারা দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। কারণ, তাদের মধ্যে আস্থা ও জবাবদিহিতা নেই।”

তিনি বলেন, “গত সরকারের সময়ে পুলিশ ছিল সব অন্যায়ের অংশীদার। তাই রাতারাতি ব্যবস্থার সংস্কার সম্ভব নয়। প্রয়োজন একটি গুণগত রাষ্ট্র কাঠামোর পরিবর্তন।”

গণতন্ত্রের প্রসঙ্গে ফখরুল বলেন, “কোনো কিছুকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে। এজন্য দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে এবং জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠিয়ে সেখান থেকেই কাঠামোগত সংস্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, নির্বাচনই হচ্ছে গণতান্ত্রিক রূপান্তরের পথ। নির্বাচনের মাধ্যমেই নতুন সংসদ গঠিত হবে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।”

এ সময় আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি (ট্যারিফ) সামনে দেশের অর্থনীতিকে বড় সংকটে ফেলতে পারে। তবে রাজনৈতিক দল হিসেবে দেশের স্বার্থে আমরা ইতিবাচক ভূমিকা রাখব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির লেখক ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

image_pdfimage_print

Posted on: July 26, 2025 | Author: Chandradip News