দুমকি ছাত্রদল নেতা সরোয়ার স্থায়ীভাবে বহিষ্কার

Views: 34

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোলাম সরোয়ারকে প্রাথমিক সদস্য পদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সকল নেতাকর্মীকে তাঁর সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, “তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তাই সর্বসম্মত মতামতের ভিত্তিতেই সংগঠন থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তবে জেলা ছাত্রদল কর্তৃপক্ষ জানিয়েছে, সংগঠনের ঐক্য ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: September 13, 2025 | Author: Chandradip News24