দাওয়াত না পেয়ে মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপি কর্মীরা

Views: 27

বরগুনার আমতলী উপজেলার ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভায় আমন্ত্রণ না পেয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা মাদ্রাসার অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অবশিষ্ট খাবার নষ্ট করে দিয়ে শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন জানান, সম্প্রতি মাদ্রাসার নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ৫০ জন অতিথির জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু গুলিশাখালী ইউনিয়ন ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন নেতা-কর্মী মাদ্রাসায় এসে হৈচৈ শুরু করেন। একপর্যায়ে তাঁরা শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং সব খাবার খেয়ে ফেলেন। পরবর্তীতে অবশিষ্ট খাবারে উচ্ছিষ্ট ও টিস্যু ফেলে নষ্ট করে দেন। ঘটনার পর রিপন কাজী নিজের ফেসবুক আইডিতে খাবারের ছবি পোস্ট করে লেখেন—“ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় পিকনিকের কিছু স্মৃতি।” পোস্টটি ভাইরাল হলে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত মাহবুব কাজী খাবার খাওয়ার কথা স্বীকার করে বলেন, “মাদ্রাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে, আমাদের ডাকা হয়নি। তাই আমরা খাবার খেয়েছি, তবে নষ্ট করিনি।”
আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব তুহিন মৃধা এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে জানান, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 15, 2025 | Author: Chandradip News24