পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
তিনি ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বরিশাল জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী আবদুল খালেক ও মায়ের নাম কাজী রাবেয়া বেগম। তিনি বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি ও সরকারি ব্রজমোহন কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে ১৯৯৪ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ২০০২ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।





