তারেক রহমান: ‘হত্যা-নৈরাজ্যে সরকার মদদ দিচ্ছে, মব সৃষ্টি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চায়’

Views: 126

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা ‘মব’ তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?

শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানের লেক শোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ছাত্রদলের এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে’ ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, “ফুটেজে যাকে হত্যাকারী হিসেবে দেখা গেছে, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? আমরা কী ধরে নেব, সরকার বিভিন্নভাবে মব সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায়?”

তিনি বলেন, “ধীরে ধীরে দেশে অদৃশ্য এক শক্তির উপস্থিতি দৃশ্যমান হচ্ছে। যারা স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি তাদের কোনো প্রশ্রয় দেবে না। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।”

সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমাদের পক্ষ থেকে কখনোই বলা হয়নি অমুককে ধরা যাবে না বা তমুককে ধরা যাবে না। বরং আমরা বরাবরই বলেছি—আইনের দৃষ্টিতে অন্যায়কারীর বিচার হোক। সে দলের কেউ হলেও কোনোরকম ছাড় দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, সরকার কেন এখনো অপরাধীদের গ্রেপ্তার করছে না?”

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই যুদ্ধ এখনও শেষ হয়নি।”

বিএনপি সংলাপে আপসহীন—এমন প্রচারণা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, “পত্রিকায় পড়ছি, বিএনপি সংস্কারের এই অংশটি মানছে না, সেটি মানছে না। অন্যদিকে দেখা যাচ্ছে, কিছু দল সব কিছু মেনে নিচ্ছে। তাহলে আলোচনার দরকার কী? সরকার সরাসরি বলে দিলেই হতো যে, কী কী মানতে হবে। আলোচনা ডাকা হয়েছে, অথচ সেই আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি এবং মিডিয়ার একটি অংশ।”

তিনি আরও বলেন, “বিএনপি আলোচনায় এসেছে যৌক্তিক কারণে। সমঝোতার কথা বললেই সবকিছু মেনে নেওয়ার মানে হয় না।”

image_pdfimage_print

Posted on: July 12, 2025 | Author: Chandradip News