‘বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কীভাবে এড়াতে হবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে ঝালকাঠি পৌরসভা।
রোববার (২৯ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুল রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
কর্মসূচির আওতায় পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌরসভার কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার, এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ডেঙ্গুবিরোধী এই সচেতনতামূলক অভিযানে অংশ নিয়েছে—
- ঝালকাঠি সিটি ক্লাব
- বিডি ক্লিন
- ক্লিন রিভার
- ইয়ুথ অ্যাকশন সোসাইটি
- ভিবিডি
- রেড ক্রিসেন্ট
- রোভার স্কাউট
- গার্ল ইন রোভার
সহ আরও কয়েকটি সংগঠনের তিন শতাধিক স্বেচ্ছাসেবক।
এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাচ্ছেন। তারা স্থানীয়দের বুঝিয়ে দিচ্ছেন—ডেঙ্গু প্রতিরোধে কোন পরিবেশ এডিস মশার জন্য উপযোগী এবং কীভাবে তা ধ্বংস করা যায়।
পৌর প্রশাসক কাওছার হোসেন জানান,
“এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা শুধু একটি দিনের কর্মসূচি চালাচ্ছি না, বরং এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
পৌরসভা আশাবাদী, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা রোধ সম্ভব হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





