ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “মানুষকে ভয় দেখিয়ে নয়, বরং ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমেই শিবির বিজয়ী হয়েছে। এই ধারাবাহিকতা চাকসু, রাকসু, জাকসু এবং জাতীয় নির্বাচনেও প্রতিফলিত হবে।”
মাসুদ সাঈদী আরও বলেন, “আমি ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম এমন সময়ে, যখন আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার চলছিল। যদি তিনি অন্যায় করে থাকতেন, তবে জনগণ আমাকে ভোট দিত না। কিন্তু জনগণ বিপুল ভোটে আমাকে জয়ী করেছে। ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও আমাকে বিজয়ী করবে।”
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এই প্রক্রিয়ায় গঠিত সরকার কোনোভাবেই ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা ১৯৭১-এর চেতনায় বিশ্বাসী, যা শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক। সেই ধারাবাহিকতায় ২৪ জুলাইয়ের আন্দোলনও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।”
তিনি আরও যোগ করেন, “আমরা লুটপাট, দখলদারিত্ব বা টেন্ডারবাজির রাজনীতি করি না। ভবিষ্যতে সরকার গঠন করলে এ ধরনের অপকর্ম কাউকেই করতে দেওয়া হবে না।”
সভায় স্বাগত বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। এসময় জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





