জামায়াত আমির ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Views: 83

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা, সংস্কার উদ্যোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ। তবে টেকসই উন্নয়নের লক্ষ্যে এখনো কাজের সুযোগ রয়েছে।” তিনি তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা এবং বিদ্যমান শুল্ক সমস্যা নিরসনে আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে একটি সুষ্ঠু, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে আমরা সংস্কারমূলক রাজনৈতিক প্রয়াস চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচন নিয়ে আমরা সরকারকে সহায়তা করছি এবং ঐক্যমত্য প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কমিশনের বৈঠকে অংশ নিচ্ছি।”

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের সময়সূচি জানতে চেয়েছেন রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরাই প্রথম আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছি। অধিকাংশ বড় রাজনৈতিক দলই পিআর পদ্ধতির প্রতি ইতিবাচক। এই পদ্ধতিই পারে কালো টাকা, পেশিশক্তি ও মনোনয়ন বাণিজ্য থেকে রাজনীতিকে মুক্ত করে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।”

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

image_pdfimage_print

Posted on: July 29, 2025 | Author: Chandradip News