ছাত্রদলে যোগ দিলেন ইকরামুল

Views: 6

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যান্টনমেন্ট থানা পর্যায়ের পরিচিত মুখ ইকরামুল হাছান সাদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন। শুক্রবার ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তিনি ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। এ সময় যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক তার হাতে ফুলের মালা তুলে দিয়ে সদস্যপদ প্রদান করেন।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়ে ইকরামুল হাছান সাদ বলেন, ছাত্রদলের নেতৃত্ব, আদর্শ ও সাংগঠনিক কাঠামোর প্রতি আস্থা রেখেই তিনি এই পথ বেছে নিয়েছেন। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান।

অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ইকরামুলকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, তার যুক্ত হওয়ার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সংগঠনকে শক্তিশালী করতেই এমন নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যান্টনমেন্ট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় ও পরিচিত নেতার ছাত্রদলে যোগদান স্থানীয় ছাত্ররাজনীতিতে নতুন আলোচনা ও হিসাব-নিকাশ তৈরি করেছে।

স্থানীয় নেতাদের ভাষ্য, ইকরামুল হাছান সাদের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের কাজ ছাত্রদলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন এই রাজনৈতিক যাত্রায় তিনি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং গণতান্ত্রিক আন্দোলনে আরও দৃঢ় অবস্থান নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: February 8, 2026 | Author: Chandradip News24