ছাত্রদলকে কঠোর ভূমিকা পালনের আহ্বান ইঞ্জিনিয়ার সোবহানের

Views: 22

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সাধারণ মানুষের অধিকার আদায়ে ছাত্রসমাজ সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে অবদান রেখেছিল, তা আজও স্মরণীয়। তেমনি সাম্প্রতিক ২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রদলের কঠোর ভূমিকা ছিল প্রশংসিত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান বাংলাদেশ ছাত্রদলের দিকে তাকিয়ে আছে। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সততা ও ন্যায়ের পথে থেকে সংগঠিত হয়ে কাজ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের কঠোর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, অতীতে যেমন তিনি বরিশাল-১ আসনের ছাত্রদলের পাশে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্বপ্নের ৩১ দফা বাস্তবায়নে প্রত্যেককে মাঠে নামতে হবে এবং ভোটারদের আস্থা অর্জন করতে হবে।

ইঞ্জিনিয়ার সোবহান সতর্ক করে বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাত্রদলে কোনো স্থান নেই।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং আগৈলঝাড়া উপজেলার রত্নপুরের কৃতি সন্তান সৈয়দ নাজমুল ইসলাম বাহার। এতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর এবং কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: September 18, 2025 | Author: Chandradip News24