বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, দেশের ইতিহাসে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদলের সৃজনশীল নেতৃত্বের কারণে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছিল। একইভাবে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রদল গুরুত্বপূর্ণ ও কঠোর ভূমিকা রেখেছিল। বর্তমান সময়েও দেশ ছাত্রদলের দিকে তাকিয়ে আছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার সোবহান। তিনি বলেন, এবারও ছাত্রদলের নেতাকর্মীদের সততা, ন্যায়পরায়ণতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাঠে থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, “অতীতের মতো বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ছাত্রদল নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল-১ আসনের ছাত্রদল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সোবহান আরও বলেন, ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত স্বপ্নের ৩১ দফা বাস্তবায়নে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আস্থা অর্জন করতে হবে। তিনি স্পষ্ট করে জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজসহ কোন অপরাধীর স্থান ছাত্রদলে হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও আগৈলঝাড়া উপজেলার রত্নপুরের কৃতি সন্তান সৈয়দ নাজমুল ইসলাম বাহার। এসময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





