বরিশালের আগৈলঝাড়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তবে সেখানে উপস্থিতদের নজর কাড়ে তার ভিন্নধর্মী আচরণ।
অনুষ্ঠানে অতিথিদের জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা থাকলেও তিনি সেগুলো ব্যবহার না করে দর্শকদের সাথে মন্দির প্রাঙ্গণের ফ্লোরে বসেন। তার এই সরলতা ও আন্তরিকতায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা ব্যাপকভাবে প্রশংসা করেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী। এসময় উপজেলার ১৫৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান দুই লাখ টাকা অনুদান প্রদান করেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে।
মতবিনিময়কালে আবদুস সোবহান বলেন, তারেক রহমান সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। দুর্গাপূজার উৎসব কেউ নষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সর্বদা পাশে থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন,আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহাবুবুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, বাকাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাপ্পী পান্ডে, হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, প্রফুল্ল হালদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





