আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের চার ইসলামী দলের শীর্ষ নেতারা এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসলামপন্থিদের মধ্যে চলমান ঐক্য প্রক্রিয়াকে আরও সুসংহত ও গতিশীল করার বিষয়ে নেতারা ঐকমত্যে পৌঁছান। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী অবস্থান এবং মৌলিক রাজনৈতিক সংস্কারের দাবিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, “দেশে চলমান রাজনৈতিক সংকট, নির্বাচন ঘিরে অস্থিরতা ও গণতন্ত্রহীন পরিবেশ মোকাবিলায় ইসলামপন্থি শক্তিগুলোর মধ্যে ঐক্য সময়ের দাবি।”
বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন—
- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক,
- মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের,
- নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার,
- খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আঁকন, অধ্যাপক মাহবুবুর রহমান, এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সভায় নেতারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, দেশের জনগণ ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাজনৈতিক কাঠামো চায়, আর এ লক্ষ্যে ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য।





