৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হলেও সেটিকে যথাযথভাবে কাজে না লাগালে পুরনো অবস্থা ফিরে আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “৫ আগস্ট খুনি-ফ্যাসিস্ট হাসিনা বুঝতেও পারেনি দেশ ছেড়ে পালাতে হবে। এখন দেশ গঠনের একটি সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে না লাগাতে পারলে আবারও ‘যেই লাউ সেই কদু’ হবে। যারা দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক ও ন্যায়ের পক্ষে—তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলার জমিনকে চাঁদাবাজ ও খুনিমুক্ত ঘোষণা করতে হবে এবং বাস্তবে তা বাস্তবায়ন করতে হবে। আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্রের ভয়ংকর ইতিহাস আমরা চাই না আর ফিরে আসুক। দেশের মানুষের কান্না আর শোনা যায় না, আর কোনো মায়ের বুক খালি হোক, তা আমরা চাই না।”
সরকারি দুর্নীতির উদাহরণ টেনে চরমোনাই পীর বলেন, “সাবেক এক ভূমিমন্ত্রীর নামে বিদেশে ৬২০টি বাড়ি ও প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। এটা কি তার বাপের টাকা? এটা জনগণের ঘামে রোজগার করা অর্থ।”
তিনি বলেন, “স্বাধীনতার পরের ৫৩ বছরে বারবার একই প্রতারণা হয়েছে। ‘সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার’—এই তিনটি নীতির কোনো বাস্তবায়ন হয়নি। বরং বাংলাদেশ বারবার চোরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।”
ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাঠ ফাঁকা থাকলে আগাছা জন্মায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে খুনি-চাঁদাবাজদের আর কোনো জায়গা না থাকে।”
তিনি আরও দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত একটি এমপি-ও সংসদে যায়নি। কারণ, দলটি কখনো খুনি বা দুর্নীতিবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল
- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
- ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
- খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ (সভাপতি)
- নগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন (সঞ্চালক)
- জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব
- মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন





