চবি ক্যাম্পাসে উত্তেজনা: ভোট কারচুপির অভিযোগে উপ-উপাচার্য অবরুদ্ধ

Views: 18

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ প্রকৌশল অনুষদ ভবনে গিয়ে উপ-উপাচার্যকে বের করার চেষ্টা করে। কিন্তু ভবনের ফটকে পৌঁছানোর পর ছাত্রদলের কর্মীরা পুনরায় অবরোধ সৃষ্টি করে অবস্থান নেন। রাত তিনটা পর্যন্ত অধ্যাপক কামাল উদ্দিন অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

ছাত্রদলের অভিযোগ, ভিপি পদে কারচুপি করে তাদের প্রার্থী জমাদিউল আওয়াল সুজাতকে পরাজিত দেখানো হয়েছে। ফলাফলে দেখা যায়, সুজাত পেয়েছেন ১,২০৩ ভোট, অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী নেয়ামত উল্লাহ পেয়েছেন ১,২০৬ ভোট।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচনের পুনর্গণনার দাবি জানায়।
স্পোর্টস সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছাদ্দিকুজ্জামান আল মামুন বলেন, “আমি নিজে সুজাত ভাইকে ভোট দিয়েছি। ভোট কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। প্রশাসনকে অবশ্যই পুনর্গণনা করতে হবে।”

অন্যদিকে উপ–উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন জানান, “ফলাফল ঘোষণার পর বের হওয়ার সময় একদল শিক্ষার্থী আমাকে আটকে রাখে। আমি তাদের বলেছি, বিষয়টি নির্বাচন কমিশনের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু তারা কথা না শুনে আমাকে অবরুদ্ধ করে রেখেছে।”

রাত গভীর পর্যন্ত ক্যাম্পাসে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা অবস্থান নেন। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 16, 2025 | Author: Chandradip News24