শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত বিপুল পরিমাণ সিগারেট ও বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশাল সার্কেল-২ এর কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান।
তিনি জানান, বুধবার (২৭ আগস্ট) গৌরনদী উপজেলার টরকী বন্দরে অবস্থিত হিরালাল বণিক, তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় হিরালাল বণিকের দোকানের দোতলার টিনের চালের কার্নিশে লুকানো অবস্থায় জাল ও নকল স্ট্যাম্পযুক্ত হলিউড ব্র্যান্ডের ৩,৬০০ শলাকা সিগারেট এবং জাল ব্যান্ডরোলযুক্ত ৯,৭৫০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করা হয়।
রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





