সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জহির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।
প্রধান বক্তা ছিলেন জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য এস এম মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা এস এম আপজাল হোসেন সিকদার। এছাড়া জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি মোল্লা মোহাম্মদ মাহফুজ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতা মো. হেমায়েত তালুকদার ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল হোসেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা মো. হায়দার তালুকদারের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন বিএনপি নেতা আবু বক্কর মুন্সি, মো. রুমন হোসেন মিয়া ও মো. ইকবাল হোসেন মুন্সির নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বিশাল মিছিল সভাস্থলে যোগ দেয়। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতাকর্মীরাও আলাদা আলাদা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, রক্তদান, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





