বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, “চলমান গণআন্দোলনের প্রেক্ষাপটে সাধারণ মানুষ এখন একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।”
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আগৈলঝাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণ-আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এই সভার আয়োজন করে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সোবহান আরও বলেন, “এই গণ-আন্দোলন কোনো একদিনে হয়নি, এটি ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা। তারেক রহমানের নেতৃত্বেই এই আন্দোলনের শক্ত ভিত গড়ে উঠেছে।”
তিনি দাবি করেন, অতীতে যারা গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে শহীদদের সম্মানে স্থাপনাগুলোর নামকরণ, পরিবার পুনর্বাসন এবং রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হবে।
আন্দোলনের সফলতা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তারা বলেন, এখন আর কেবল প্রতিশ্রুতি নয়, জনগণ বাস্তব পরিবর্তন দেখতে চায়।
আলোচনা সভার শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে দুই উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, আনোয়ার সাদাত তোতা, বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, যুবদল নেতা শোভন রহমান মনির, মনির হাওলাদার, রাশেদুল ইসলাম টিটন, আনোয়ার শাহ, আবু হানিফ বকতিয়ার, ছাত্রদল নেতা এস এম হীরা প্রমুখ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





