বিগত দেড় দশকের বেশি সময় ধরে দেশ গুম, খুন ও দমন-পীড়নের মতো ভয়াবহ অধ্যায়ের ভেতর দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, সেই অন্ধকার অধ্যায় যেন আর কখনো ফিরে না আসে, সে জন্য আসন্ন গণভোটে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দাঁড়াতে হবে।
রোববার সকালে বরিশাল নগরীর বেলস পার্কে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গণভোটের পক্ষে জনমত গঠন ও ভোটারদের উদ্বুদ্ধ করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আলী রীয়াজ বলেন, মত ও পথের ভিন্নতা থাকাই স্বাভাবিক। তবে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ রূপরেখার কথা তুলে ধরে বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সমাজের প্রতিটি শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ ভয়াবহ দুঃসময় পার করেছে। গুম, খুন ও দমন-পীড়নের সংস্কৃতি মানুষের মৌলিক অধিকারকে ভূলুণ্ঠিত করেছে। ভবিষ্যতে সেই অমানবিক বাস্তবতা ফিরে না আসুক, সেটাই এখন সবচেয়ে বড় চাওয়া। এজন্য শুধু ভোট দেওয়া নয়, গণভোটের পক্ষে সকলে মিলে জনসচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামীসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী না হলে খুনি-মাফিয়া ও ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিতে পারে। তারা বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপচেষ্টা রুখতে হলে গণভোটে জনগণের শক্ত অবস্থান জরুরি।
সম্মেলনে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা অনেক বেশি। গণভোটকে সফল করতে ইমাম ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মসজিদ ও ধর্মীয় পরিসর থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





