গণধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজান হাওলাদার (৪৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ। পরে রাতে তাকে থানায় আনা হয়। শুক্রবার সকালে আদালতে হাজির করলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মিজান হাওলাদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মৃত আ. রব হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক সুশংকর মল্লিক জানান, ২০১১ সালে মিজান ও তার দুই সহযোগী মিলে ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা ফুলপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৭, তারিখ ৭/৬/২০১১)।
মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৭ সালে মিজান হাওলাদারকে অনুপস্থিতিতে ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-৩ এর সহযোগিতায় তাকে হাতিরঝিল থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





