একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অ্যাসপার্টেম, স্যাকারিনসহ কৃত্রিম মিষ্টিযুক্ত খাবার ও পানীয় মস্তিষ্কের স্মৃতিশক্তি ও শব্দ স্মরণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে। কম ক্যালোরি যুক্ত এই মিষ্টি জনপ্রিয় হলেও, নিয়মিত গ্রহণের ফলে মস্তিষ্কে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ক্লডিয়া কিমি সুয়েমোটোর নেতৃত্বে পরিচালিত আট বছরের গবেষণায় ১২,৭৭২ জন সরকারি কর্মচারীর ওপর পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা গেছে, যারা দৈনন্দিন জীবনে বেশি কৃত্রিম মিষ্টি গ্রহণ করেছেন, তাদের জ্ঞানীয় কার্যকারিতা ৬২% দ্রুত হ্রাস পেয়েছে, যা প্রায় ১.৬ বছরের অতিরিক্ত বার্ধক্যের সমান।
গবেষকরা সতর্ক করেছেন, বিশেষ করে ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে স্মৃতিশক্তি, মৌখিক সাবলীলতা ও মানসিক কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যবহারিত কৃত্রিম মিষ্টির মধ্যে ছিল:
- অ্যাসপার্টেম
- স্যাকারিন
- অ্যাসেসালফেম
- এরিথ্রিটল
- সরবিটল
- জাইলিটল
এগুলি সাধারণত ডায়েট সোডা, মিষ্টি দই, কম ক্যালোরিযুক্ত খাবার ও পানীয়তে ব্যবহৃত হয়।
গবেষকরা পরামর্শ দিচ্ছেন, চিনির বিকল্প হিসেবে দীর্ঘমেয়াদি কৃত্রিম মিষ্টি ব্যবহার মস্তিষ্কের জন্য ক্ষতিকর, তাই প্রাকৃতিক বিকল্প যেমন মধু বা ম্যাপেল সিরাপ ব্যবহার করা স্বাস্থ্যকর।
অন্যদিকে, ব্রিটিশ সফট ড্রিঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল সুইটেনারস অ্যাসোসিয়েশন মনে করিয়ে দিয়েছে, এই গবেষণা পর্যবেক্ষণমূলক, সরাসরি কার্যকারণ প্রমাণ করে না এবং বিশ্বজুড়ে কৃত্রিম মিষ্টি নিরাপদ হিসেবে স্বীকৃত।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম মিষ্টির সাথে মস্তিষ্কের বার্ধক্যের সম্পর্ক লক্ষ্য রেখে সচেতনভাবে প্রাকৃতিক বিকল্প গ্রহণ করা উচিত।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





