দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে আনা হয়। সহকর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অশ্বিনী কুমার হলের নগরীর সদর রোডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে জোহর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরিফিন তুষারের মৃত্যু হয়। বরিশালের সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি দেড় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরিফিন তুষার বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





