রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর আকস্মিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়ায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে যায়।
দলের চেয়ারম্যানের প্রেস সচিব ও যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দলের মিলনায়তনে নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষ করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী শান্তি রক্ষার স্বার্থে জাপা নেতাকর্মীদের কার্যালয় থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে। তবে তাদের প্রস্থানের পরপরই প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল পুলিশের বাধা অমান্য করে ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। বর্তমানে কার্যালয়ের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক মোতায়েন রয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়েছে, একই সময়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনেও কয়েক দফা হামলার চেষ্টা হয়। তবে সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন থাকায় হামলাকারীরা সফল হয়নি।





