ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিএনপির বিক্ষোভ, অপচেষ্টার দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি

Views: 15

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ও আকন কুদ্দুসুর রহমানের সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিলটি আগৈলঝাড়া উপজেলা সদর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মো. মাহবুবুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি একটি সুপরিকল্পিত টার্গেট কিলিংয়ের অপচেষ্টা। এই ঘটনার সঙ্গে জড়িত সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি কখনোই সন্ত্রাস ও সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তারা বরিশাল-১ আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন প্রত্যাহারের বিষয়েও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ ঐক্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এ বিষয়ে পুনর্বিবেচনা প্রয়োজন।

বক্তারা অবিলম্বে ওসমান হাদির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: December 13, 2025 | Author: Chandradip News24