হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’-এর আলোচিত গান ‘আজ কি রাত’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে তামান্না ভাটিয়ার ভিন্ন ঘরানার নাচ, অভিব্যক্তি আর উপস্থিতি গানটিকে নিয়ে গেছে আলাদা উচ্চতায়। মুক্তির অল্প সময়ের মধ্যেই গানটি ৫০০ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে আলোচনায় উঠে আসে। এবার সেই জনপ্রিয়তা ছাড়িয়ে ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ল গানটি।
এই সাফল্যে উচ্ছ্বসিত তামান্না ভাটিয়া শুক্রবার নিজের ইনস্টাগ্রামে গানটির পর্দার আড়ালের কিছু মুহূর্ত শেয়ার করেন। সেখানে তিনি ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ। তার পোস্টে মুহূর্তেই ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে মন্তব্যের ঘর।
পর্দার আড়ালের ভিডিওগুলোর একটিতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তার টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী মজা করে আরেকটি টেক নেওয়ার কথা বললে হাসিমুখে তামান্না তা নাকচ করে দেন। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় ‘স্ত্রী ২’-এর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে, যা দর্শকদের কাছে দারুণ উপভোগ্য হয়ে ওঠে।
‘আজ কি রাত’ গানে তামান্নার নৃত্যশৈলী, সাবলীল অভিব্যক্তি আর গানের সুরের সঙ্গে তার মেলবন্ধন গানটিকে পরিণত করেছে এক অনন্য আইটেম গানে। এই কারণেই গানটি শুধু সিনেমার অংশ হিসেবে নয়, আলাদা করেও বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচি ও দিব্য কুমার। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় জুটি শচীন-জিগর, যাদের কাজ বরাবরই দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।
অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। মুক্তির পর ছবিটি বক্স অফিসে প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করে ২০২৪ সালের অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে নেয়।
এদিকে তামান্না ভাটিয়া এখন ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘ভিভিএএন: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। আগামী ১৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





