আওয়ামী লীগের একদলীয় নির্বাচনে অংশ নেওয়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (২৮ জুন) বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সময় তিনি বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি চালান।
রহমাতুল্লাহ বলেন, “বিনা ভোটে সরকার গঠন শুধু আওয়ামী লীগের একার দায় নয়, নির্বাচনে অংশ নিয়ে সেই প্রক্রিয়াকে বৈধতা দিয়েছে আরও কিছু নিবন্ধিত দল। এদের কেউ কেউ এখন নিজেদের বিপ্লবী সাজিয়ে জনতার সামনে আসতে চাইছে, অথচ একসময় তারা শাসকগোষ্ঠীর অংশ ছিল।”
তিনি বলেন, “যারা আওয়ামী লীগের একদলীয় নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটাধিকার হরণের সহযোগী হয়েছে, তারা সরাসরি না হলেও পরোক্ষভাবে ফ্যাসিবাদের অংশীদার। তাই অন্তর্বর্তী সরকারের সময়ে এইসব শক্তির ভূমিকাও তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে তিনি বলেন, “এই প্রস্তাবে নাগরিক অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপিই একমাত্র দল, যারা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পথনকশা দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে এই ৩১ দফার গুরুত্ব বোঝাচ্ছি। এটা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র।”
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতা মো. নুর ইসলাম হাওলাদার। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





