উপদেষ্টা পদ ছাড়ার ইঙ্গিত দিলেন আসিফ মাহমুদ, এনসিপিতে যোগ অনিশ্চিত

Views: 54

নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ ছাড়বেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছাড়ব। এনসিপিতে যোগ দেব কিনা, সেটিও নিশ্চিত নয়।”

সম্প্রতি গুলশানে সাবেক এক নারী এমপির বাসায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি বলেন, “চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। অপু নামক ব্যক্তির যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তা জোর করে নেওয়া হয়েছে বলে শুনছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।”

আসিফ আরও বলেন, “তার (অপু) স্ত্রীর বরাতে শুনেছি, তাকে গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার দিক থেকেও এমন খবর পাওয়া যাচ্ছে। এমন ঘটনা গ্রহণযোগ্য নয়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওইদিন সকালে ওয়েস্টিনে গিয়েছিলাম কি না, মনে নেই। হেলমেট পরা যে কাউকে যে কারও সঙ্গে মেলানো যেতে পারে।”

রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচনের সময় পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “যাদের রাজনৈতিক পরিচয় আছে, তারা সরকারের দায়িত্বে না থাকাই ভালো।”

ব্যক্তিগত প্রসঙ্গে তিনি জানান, ব্যস্ততার কারণে অনেক সময় গভীর রাত বা ভোরে কাজ শেষ হয়, তখন ৩০০ ফিট এলাকার নীলা মার্কেট থেকে হাঁসের মাংস কিনে খাওয়া হয়। যদি সময় বেশি হয়ে যায়, তখন ওয়েস্টিন হোটেলে যাওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের এক বছরের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ অভ্যুত্থানের সুফল পেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে, তা বলা কঠিন। এখন পর্যন্ত না-পারার পাল্লাটাই ভারী।”

image_pdfimage_print

Posted on: August 14, 2025 | Author: Chandradip News