উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচ সদস্যের একটি জরুরি মেডিকেল টিম ঢাকায় পাঠানো হচ্ছে। দগ্ধ রোগীদের চিকিৎসায় অভিজ্ঞ এই দলটিতে রয়েছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা।
টিমটি ঢাকায় পৌঁছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধদের চিকিৎসা, মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
এর আগে, ২৩ জুলাই সন্ধ্যায় ভারতের তিন সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় আসে। একই দিন সিঙ্গাপুর থেকেও আরও একটি মেডিকেল টিম এসে পৌঁছায়।
এরও আগে, ২২ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে দগ্ধ রোগীদের চিকিৎসায় যুক্ত হন।
এছাড়া, জাপান সরকারও দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ জুলাই) একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হলে এতে কয়েকজন শিক্ষার্থীসহ বহু মানুষ দগ্ধ ও আহত হন।





