চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১০-১১ মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের কালি তার গায়ে লাগেনি, সেটাই লাগলো এবার। মাত্র এক ম্যাচ খেলে ৯ উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা। যার তিন মাস পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে l
ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে– বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন-নিরপেক্ষ পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। সে কারণে ১০ ডিসেম্বর থেকে সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকবে ইসিবির প্রতিযোগিতায়।
গত সেপ্টেম্বরে কাউন্টির দল সারে’র হয়ে একটি টেস্ট খেলেন সাকিব। যেখানে বল হাতে তিনি ব্যাটারদের খাবি খাইয়েছেন। দুই ইনিংস মিলে শিকার করেন ৯ উইকেট। পরে ম্যাচ শেষে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানান। বলা হয়েছিল, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।





