আবারো বিসিবিতে ফিরছেন টনি হেমিং

Views: 80

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আবারো যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিউরেটর টনি হেমিং। গেল বছর আচমকাই বিসিবির প্রধান কিউরেটরের পদ থেকে সরে দাঁড়ালেও আবারও নতুন দায়িত্বে বাংলাদেশে আসছেন তিনি। বিসিবির এক পরিচালক নিশ্চিত করেছেন, হেমিংয়ের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে এবং তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।

নতুন চুক্তির আওতায় হেমিং এবার শুধু প্রধান কিউরেটর হিসেবেই নয়, বরং “হেড অব টার্ফ” নামের আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের সকল ভেন্যুর কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়া এবং মাঠ ও পিচ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দিয়েছিলেন টনি হেমিং। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত বছরের ১০ জুলাই হঠাৎ পদত্যাগ করেন। পরে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন। পাকিস্তানেও তার সঙ্গে ছিল দুই বছরের চুক্তি। তবে বিসিবির পক্ষ থেকে ছয় মাস ধরে পুনরায় যোগাযোগ চালিয়ে যাওয়ার পর অবশেষে হেমিং আবারো বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

টনি হেমিংয়ের অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক। তিনি এর আগে আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর ছিলেন। পাশাপাশি ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন। তার দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতেই বিসিবি আবারো তাকে যুক্ত করতে আগ্রহী হয়।

এছাড়া, পার্থের অপটাস স্টেডিয়ামে এরিনা ম্যানেজার, সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার এবং আইসিসির আন্তর্জাতিক প্রশিক্ষক ও উপস্থাপক হিসেবেও হেমিং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

টনি হেমিংয়ের প্রত্যাবর্তনে বিসিবির মাঠ ও পিচ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। পিচের মান উন্নয়ন, দেশের কিউরেটরদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযুক্ত ভেন্যু তৈরিতে হেমিংয়ের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট মহল।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 8, 2025 | Author: Chandradip News24