অননুমোদিত হজ থেকে বিরত থাকতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধ

Views: 86

চলতি হজ মৌসুমে কেউ যেন অনুমতি ছাড়া হজ পালন না করে—এমন সতর্ক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের নিরাপত্তা এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার স্বার্থে দেশে ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের এ আহ্বান জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে কোনো ব্যক্তি যেন ভিজিট ভিসায় মক্কা কিংবা পবিত্র স্থানসমূহে অবস্থান না করেন। সেই সঙ্গে হজ বিধিমালা লঙ্ঘনকারীদের কোনো ধরনের সহায়তা না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। ভিজিট ভিসায় অবস্থানরত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা, পরিবহন, হোটেল বা আবাসনের ব্যবস্থা করে দেয়া, কিংবা সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে সৌদি সরকার কড়া অবস্থানে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়া কেউ পবিত্র নগরী মক্কায় প্রবেশ করলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। এমনকি কাউকে সহায়তা করলেও জরিমানা ১ লাখ রিয়াল পর্যন্ত হতে পারে এবং নিজস্ব যানবাহন জব্দের বিধানও রয়েছে। কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান করলে তাকে দেশে ফেরত পাঠিয়ে ভবিষ্যতের জন্য সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে, যা কার্যকর থাকবে ১০ বছর।

২০২৫ সালের হজ মৌসুমের জন্য ২৯ এপ্রিল (১ জিলকদ) থেকে ১০ জুন (১৪ জিলহজ) পর্যন্ত সৌদি আরবে এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় ভিজিট ভিসাধারীরা মক্কা ও আশপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে তা কঠোর নজরদারির আওতায় আসবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ একটি পবিত্র ইবাদত এবং এর ব্যবস্থাপনায় সৌদি আরবের আইন-কানুন যথাযথভাবে মেনে চলা জরুরি। তিনি বলেন, “বাংলাদেশের প্রায় ৩৫ লাখ মানুষ সৌদিতে কর্মরত এবং এখান থেকেই সর্বোচ্চ রেমিট্যান্স আসে। তাই কোনো অনৈতিক ও বেআইনি কাজ দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেন, “হজ একটি দ্বিরাষ্ট্রীয় কার্যক্রম, যেখানে সৌদি আরব নীতিনির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশ সরকার অংশীজন হিসেবে কাজ করে থাকে। সুপরিকল্পিত ও শৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ২০২৫ সালে একটি সফল ও সুশৃঙ্খল হজ আয়োজন করতে পারবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: May 3, 2025 | Author: Chandradip News24